https://www.emjanews.com/

6917

sports

প্রকাশিত

০৫ জুলাই ২০২৫ ১১:২৪

আপডেট

০৫ জুলাই ২০২৫ ১৯:২৩

খেলাধুলা

ক্লাব বিশ্বকাপ

সেমিফাইনালে মুখোমুখি ফ্লুমিনেন্স ও চেলসি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ ১১:২৪

ছবি: সংগ্রহ

বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর লড়াইয়ে জমে উঠেছে ক্লাব বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ দুই ম্যাচে জয়ের মুখ দেখেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ও ইংলিশ জায়ান্ট চেলসি। দুই দলই ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে।

আল হিলালকে হারিয়ে সেমিতে ফ্লুমিনেন্স 

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সৌদি আরবের আল হিলাল ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। শুরু থেকেই দুই দলের লড়াই ছিল সমানে সমান।

ম্যাচের ৪০ মিনিটে ব্রাজিলিয়ান তরুণ মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনেল্লি ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে আল হিলালকে সমতায় ফেরান আরেক ব্রাজিলিয়ান, মার্কোস লিওনার্দো।

৭০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা তরুণ হারকিউলিস গোল করে আবারও ফ্লুমিনেন্সকে লিড এনে দেন। এটি নক আউট পর্বে তার দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় গোল। ম্যাচের বাকি সময়ে আল হিলাল চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালে ওঠে ফ্লুমিনেন্স।

আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করলো চেলসি

আরেক কোয়ার্টার ফাইনালে, ফিলাডেলফিয়ার লিংকন ফাইনান্সিয়াল স্টেডিয়ামে ব্রাজিলের পালমেইরাস মুখোমুখি হয় ইংলিশ ক্লাব চেলসির। ম্যাচের শুরু থেকেই চেলসি আধিপত্য বিস্তার করে খেলে।

মাত্র ১৬ মিনিটেই কোল পালমার গোল করে চেলসিকে এগিয়ে নেন। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে পালমেইরাসের এস্তেভাও গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর দুই দলই অতিরিক্ত সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছিল। তবে ৮৩ মিনিটে পালমেইরাস ডিফেন্ডার অগাস্টিন গিয়ার আত্মঘাতী গোল করে বসলে আবারও লিড নেয় চেলসি।

শেষ পর্যন্ত এই গোলই ম্যাচ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে চেলসি।

আগামী ৯ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই ক্লাবের এই লড়াই ফুটবলপ্রেমীদের জন্য উপভোগ্য এক মহারণ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

আজকের কোয়ার্টার ফাইনালে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলবে তারা।