ছবি: সংগৃহিত।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে নেতারা দেশের প্রতিটি জেলায় গিয়ে জনগণের মতামত নিচ্ছেন, দলের প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং স্থানীয় সমস্যার কথা শুনছেন।’
তিনি অভিযোগ করেন, ‘ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে আয়োজিত সমাবেশে মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়। আমাদের নেতাকর্মীদের ওপর তারা জঙ্গি কায়দায় আক্রমণ করে এবং এই হামলার উদ্দেশ্য ছিল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের হত্যা করা।’
এনসিপির পক্ষ থেকে বলা হয়, তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কিন্তু বারবার হামলার শিকার হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
