https://www.emjanews.com/

8441

surplus

প্রকাশিত

১৪ আগস্ট ২০২৫ ১১:৫৪

আপডেট

১৪ আগস্ট ২০২৫ ১৩:১০

অন্যান্য

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশি আটক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ ১১:৫৪

ছবি: সংগৃহীত।

 

মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশি নাগরিকসহ মোট ১৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। সোমবার (১১ আগস্ট) রাতে রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরির আশপাশের চারটি স্থানে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জেআইএম জানিয়েছে, অভিযানে আটকরা মূলত খুচরা দোকান থেকে ই-পিএলকেএস (পাস হোল্ডারের কর্মস্থল পরিবর্তনের অনুমতি স্লিপ) পরিবর্তন ও মুদ্রণের কাজ করত। এই চক্র এক বছর ধরে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের লক্ষ্য করে জাল ভিসা তৈরির কার্যক্রম চালাচ্ছিল।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি ও ৩ জন মিয়ানমার নাগরিক।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি পরিবর্তিত ই-পিএলকেএস স্লিপ প্রিন্ট করার জন্য গ্রাহকদের কাছ থেকে ১০০ রিঙ্গিত করে নেওয়া হতো। আটককৃতদের মধ্যে দুই বাংলাদেশি মেয়াদোত্তীর্ণ ভিসায় ছিলেন, বাকি ১৪ বাংলাদেশি ও ৩ মিয়ানমার নাগরিকের কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না।

অভিযানে মোট ১১,৩৫৭ রিঙ্গিত নগদ অর্থ, ই-পিএলকেএস স্লিপ, বাংলাদেশি পাসপোর্টের তিন কপি, তিনটি ল্যাপটপ, তিনটি প্রিন্টিং মেশিন, তিনটি সিসিটিভি ক্যামেরা, কোম্পানি কমিশন অফ মালয়েশিয়া (এসএসএম) নিবন্ধনের কপি, কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) লাইসেন্সের কপি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(৪) এবং ধারা ৬(৩) অনুযায়ী মামলা চলছে।