https://www.emjanews.com/

9193

sylhet

প্রকাশিত

০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩

আপডেট

০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩২

সিলেট

বালু উত্তোলনের দায়ে গোয়াইনঘাটে ১৪ শ্রমিকের বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৩

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগে আটক ১৪ শ্রমিককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার(৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশি পাহারায় তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শ্রমিকদের আটক করা হয়।

অভিযানে ১২ জন শ্রমিককে তিন মাস করে এবং ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ইজারা বহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। মূল হোতারা খবর পেয়ে পালিয়ে গেলেও ১৪ জন শ্রমিককে হাতেনাতে আটক করে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বালু ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।