দেশজুড়ে পাঁচদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বর্ষণ হতে পারে
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ ১২:১৬
ছবি: সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মস্থা’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন ধরে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর মধ্যে সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় একই ধরণের আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
রোববার পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মস্থা’ ধীরে ধীরে দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে বাংলাদেশের ওপর আর্দ্রতা ও মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যা বৃষ্টিপাতের মাত্রা বাড়াবে।
