https://www.emjanews.com/

11195

sylhet

প্রকাশিত

০৭ নভেম্বর ২০২৫ ১৫:৩৩

আপডেট

০৭ নভেম্বর ২০২৫ ১৭:৫৫

সিলেট

সিলেট-৪ এ আরিফুল হক চৌধুরীর প্রচারণা শুরু

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ ১৫:৩৩

ছবি: মরহুম জননেতা দিলদার হোসেন সেলিম এমপির কবর জিয়ারত করছেন সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, এই আসনের সকল অলিগলি আমার চেনা, সমস্যাগুলো সম্পর্কেও আমি অবগত। আমি নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে প্রথম এক বছরের মধ্যেই এসব সমস্যা সমাধান করে উন্নয়নের জোয়ারে এই নির্বাচনী এলাকাকে ভাসিয়ে দেওয়া হবে।

তিনি আজ শুক্রবার তার প্রচারণার প্রথম দিনে রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে এই আসনের সাবেক সংসদ সদস্য, প্রয়াত বর্ষিয়ান বিএনপি নেতা জননেতা দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন।

এরপর তিনি রাধানগর বাজারে গণসংযোগ করেন। এতে গোয়াইনঘাট উপজেলার বিএনপি, অঙ্গসংগঠন ও স্থানীয় নেতাকর্মীরা বিশাল জনসমাগম গড়ে তোলেন। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে তিনি এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।

সেখানে তিনি বলেন, এই আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ কয়েকজন প্রার্থী ধানের শীষের প্রচারণা চালিয়েছেন। তারা সবাই যোগ্য ও বিএনপির ত্যাগী নেতা। তাদের সবাইকে যথাযথ সম্মান দেওয়া হবে বলে বিএনপি ইতোমধ্যে ঘোষণা করেছে। আমি আমাদের সকল নেতাকে সঙ্গে নিয়ে এই আসনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে উপহার দিতে চাই।

এসময় তিনি দেশজুড়ে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে দাবি করে বলেন, বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। এখনই সবাইকে সতর্ক হয়ে প্রচারণার ময়দানে নেমে পড়তে হবে।

তিনি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এই আসনে ধানের শীষকে বিজয়ী করার জন্য জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ভোটারদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপির প্রয়াত বর্ষীয়ান নেতা ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের বাড়ি গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তিনি শায়িত রয়েছেন।