পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ ১৮:২০
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের এক নেতার দেওয়া ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা-সমালোচনা চলছে। স্ট্যাটাসে মাধবপুর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) উদ্দেশ্য করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ বলে মন্তব্য করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আতাউস সামাদ বাবু।
শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে বাবু দাবি করেন, তাঁকে গ্রেপ্তারের জন্য মাধবপুর থানার এএসআই দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। একই স্ট্যাটাসে ছাত্রলীগ নেতা সিরাজের গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে আতাউস সামাদ বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না, ইনশাআল্লাহ।’
তাঁর এই বক্তব্য ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।
তবে বাবুর অভিযোগ নাকচ করেছেন এএসআই দেলোয়ার হোসেন। তিনি দাবি করেন, তাঁকে নিয়ে ফেসবুকে ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন বলেন, মাদকের একটি মামলার তদন্তের কাজে তিনি বাবুর গ্রামের পাশের এলাকায় গিয়েছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করেই ফেসবুকে এমন পোস্ট দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘স্বীয় দায়িত্ব ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে ব্যক্তিগতভাবে আমাদের কিছু করার সুযোগ নেই।’
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।’
জানা গেছে, এএসআই দেলোয়ার হোসেন মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত। ওয়ারেন্ট তামিলে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি হবিগঞ্জের পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন বলেও জানা গেছে।
অন্যদিকে, আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবেও তাঁর নাম আলোচনায় এসেছিল।
