https://www.emjanews.com/

11625

weather

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৫ ১৯:৪২

আবহাওয়া

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ ও ভারত

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ ১৯:৪২

ছবি: সংগৃহিত

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কায় সতর্ক করেছে বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা।

স্ট্রেইট অব মালাক্কা ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি লঘুচাপ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। অনুকূল আবহাওয়ার পরিস্থিতিতে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২২ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে দেশের বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

পূর্বাভাস বলছে, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ২৫-২৭ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ, পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সম্ভাব্য নাম হতে পারে ‘সেনিয়ার’। এরপর এটি ২৮-২৯ নভেম্বরের মধ্যে আরও উত্তর-পশ্চিম দিকে সরে মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে এবং তখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, অনুকূল পরিবেশ যদি অব্যাহত থাকে, তবে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সর্বশেষ বিশ্লেষণে দেখা যাচ্ছে, ১-২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ উপকূলের যে কোনো অংশে আঘাত হানতে পারে। তবে সিস্টেমটি পুরোপুরি সুগঠিত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট স্থানের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

বিডব্লিউওটি জানায়, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। ৩০ নভেম্বর বা ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই বৃষ্টি দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

প্রাথমিক বিশ্লেষণে দেশের রংপুর ও রাজশাহী বিভাগের তুলনায় অন্যান্য জায়গায় বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।