সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ ২০:২৪
ছবি: ইমজা নিউজ
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে ঘিরে দলীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রার্থীর সমর্থনে ও প্রার্থী পরিবর্তনের দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে দুই পক্ষের অনুসারীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ধর্মপাশা উপজেলা সদর বাজারে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
দলীয় সূত্র জানায়, এ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হককে মনোনয়ন দিয়েছে বিএনপি। একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আরেক সদস্য কামরুজ্জামান কামরুল।
বিকেল তিনটার দিকে কামরুজ্জামানের সমর্থনে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম, সদস্য মজিবুর রহমান মজুমদার প্রমুখ। সঞ্চালনা করেন কমিটির সদস্য মোহাম্মদ নেহাল উদ্দিন।
অন্যদিকে বিকেল চারটার দিকে উকিলপাড়া মোড় থেকে আনিসুল হকের সমর্থনে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর বাজার ঘুরে দলীয় কার্যালয় চত্বরে শেষ হয়। বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা বিএনপির নেতা হাদিছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল ইসলাম প্রমুখ।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নেহাল উদ্দিন বলেন, ‘কামরুজ্জামান ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাই তাঁর পক্ষে আমরা বিক্ষোভ করেছি। তবে দল যাঁকে চূড়ান্ত মনোনয়ন দেবে, আমরা তাঁর পক্ষেই কাজ করব।’
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ বলেন, ‘আনিসুল হককে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। মিথ্যা মামলা ও নির্যাতনের সময় তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। ব্যক্তি নয়, আমরা ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করব।’
