ছবি: সংগৃহীত
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেহরির রান্না করতে গিয়ে গ্যাসের আগুন থেকে কোয়ার্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সেখানে থাকা সাত বাংলাদেশি দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অপর দুই বাংলাদেশিকে পরে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, ওই কোয়ার্টারে মোট ৩৮ জন বাংলাদেশি ছিলেন। ঘটনার সময় অন্যরা ভিন্ন কক্ষে ঘুমিয়ে থাকায় তারা অক্ষত রয়েছেন।
বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ বলেন, আহত দুজনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
