ছবি: সংগৃহীত
সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝুঁকির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৩ মার্চ) রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঝড়ো হাওয়া দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
সতর্কবার্তায় বলা হয়, বিশেষ করে সিলেট, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে।
হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১ নম্বর নৌ-সতর্ক সংকেত সাধারণত স্বল্পমেয়াদি ঝড়ো আবহাওয়ার ইঙ্গিত দেয়। এটি বড় কোনো ঘূর্ণিঝড়ের সমতুল্য না হলেও ছোট লঞ্চ ও নৌকাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির এই ধারা কেবল আজকের মধ্যেই সীমাবদ্ধ নয়। আগামী ১২০ ঘণ্টা বা পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ঢাকা, সিলেট, রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগ–এর কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
