https://www.emjanews.com/

11800

politics

প্রকাশিত

৩০ নভেম্বর ২০২৫ ১৮:৪৫

রাজনীতি

সিলেট-৬

‘জামায়াতে ইসলামি সরকার গঠনের দৌড়ে এক নাম্বারে আছে’- সেলিম উদ্দিন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৪৫

ছবি: সংগৃহিত

সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন দাবি করেছেন, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ২০০টির বেশি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠন করবে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জের এম. সি. একাডেমি মাঠে ছাত্র–যুব সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে দেশ এবং বিদেশের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআইসহ যেসব রিপোর্ট তৈরি করেছে, তাতে এককভাবে, ইনশাআল্লাহ জামায়াতে ইসলামি সরকার গঠনের দৌড়ে এক নাম্বারে আছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের সাথে এইবার এমন একটি শক্তিশালী জোট আছে, আটদলীয় জোট, চরমোনাই পীরসাহেবসহ, আল্লামা মামুনুল হকসহ হেফাজতের বড় অংশ এবং ইসলামী দলগুলোর বড় অংশ দেশপ্রেমিক দল জামায়াতের সাথে আছে। এই অনুযায়ী একিটা রিপোর্ট আছে যে, দুই শতাধিক সিট এই জোট পাবে।’

তিনি বলেন, ‘অন্যান্য সব নেতাকে একদিকে রাখলেও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে।’

সেলিম উদ্দিন আরও অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার নিজেদের নেতাকর্মীদেরই হত্যা করেছে। জনগণ জুলাইয়ের পর সেই দলকে আর গ্রহণ করবে না বলেও তিনি মন্তব্য করেন।

তার দাবি, এখন জনগণের সামনে বিকল্প শক্তি হিসেবে দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা, আর ‘নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে জামায়াতের আদর্শ বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের বহু নেতাকে হত্যা করে ন্যায়বিচারের নামে গণহত্যা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক বলেন, ‘বিগত বছরগুলোতে তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার তারুণ্যের প্রথম ভোট হবে ন্যায়- ইনসাফের পক্ষে।

তার ভাষ্য, ‘ইনসাফের পক্ষে ভোট মানে দাঁড়িপাল্লার প্রতি আস্থা।

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশ ভারতের এজেন্ডা বাস্তবায়নের পথে এগোবে না।’