সিলেট মহানগরীর মোগলাবাজার থানাধীন পাঠানপাড়া এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয় একটি দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ বলছে, এসআই (নিঃ) মো. শাহজালাল শুভ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে গিয়ে চারজনকে জুয়া খেলার সময় আটক করেন। এ ব্যাপারে মোগলাবাজার থানায় সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী নন-এফআইআর এন্ট্রি হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের শাল্লা থানার দিরাইল এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে রাসেল (৩৫), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বামেশর এলাকার মৃত আলী রেজার ছেলে মোঃ ফারুখ মিয়া (৩৫), সুনামগঞ্জের শিম্বরপুর এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে মোঃ মনির হোসেন (২৫), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সাহজাদপুর এলাকার মিছির মিয়ার ছেলে আটককৃত আব্দুল করিম (৩০)। তারা সবাই বর্তমানে কদমতলী এলাকায় বসবাস করে আসছেন।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জুয়া ও অনুরূপ অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
