https://www.emjanews.com/

11966

sylhet

প্রকাশিত

০৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৫২

আপডেট

০৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৪

সিলেট

সিলেট-৪

সালুটিকরে আরিফুল হক চৌধুরী বয়কটের মশাল মিছিল

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ ২৩:৫২

ছবি: সালুটিকর বাজারের মশাল মিছিল।

সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা। মনোনয়ন ঘোষণার মাত্র একদিন পরই শুক্রবার রাত ৮টার দিকে ভোলাগঞ্জ সড়কের সালুটিকর বাজারে শতাধিক মানুষ এই বিক্ষোভে অংশ নেন।

মিছিলকারীরা জানান, বিএনপি কেন্দ্রীয়ভাবে প্রার্থী নির্বাচনের অধিকার রাখলেও তারা চান এই আসনে স্থানীয় নেতাকেই মনোনয়ন দেওয়া হোক। বাহির থেকে কাউকে এনে প্রার্থী ঘোষণা করাকে তারা স্থানীয় জনগণের মতামতের প্রতি উপেক্ষা বলে মনে করছেন। তাই আরিফুল হক চৌধুরী মনোনয়ন পেলেও তাকে বয়কটের ঘোষণা দেন তারা।

এ আসনে বিগত কয়েক মাস ধরে স্থানীয় বিএনপি নেতা—সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনসহ অন্তত পাঁচজন মনোনয়ন প্রত্যাশী মাঠে প্রচারণা চালাচ্ছিলেন। স্থানীয়–বহিরাগত ইস্যু নিয়ে তখন থেকেই কর্মী–সমর্থকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। রাজনৈতিক মহলে আলোচনা চলছে—এই বিভাজন টিকে থাকলে প্রতিদ্বন্দ্বী অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা সুবিধা নিতে পারে এবং বিএনপির ভোট ব্যাংকেও ভাঙন ধরতে পারে।

৫ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশ দেন। এরপর আরিফুলও এলাকায় প্রচারণা শুরু করেন। তবে অন্যান্য মনোনয়নপ্রত্যাশীরা মাঠের প্রচারণায়ও লেগে থাকেন। ৪ ডিসেম্বর আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে প্রার্থী ঘোষনার পর অন্য মনোনয়ন প্রত্যাশীরা সরে দাঁড়ালেও স্থানীয়-বহিরাগত বিরোধিতার সূত্র ধরে বিভাজন টিকিয়ে রাখার প্রচেষ্টা এখনো চলছে—সালুটিকরের বয়কট মিছিল সেই সংকটকেই সামনে এনে দিয়েছে বলে বিএনপি নেতারা মনে করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আজকের বয়কট মিছিলকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কিছু নেই। একজন প্রার্থীকে সবাই গ্রহণ করবেন—এমন প্রত্যাশা করাও ঠিক নয়। সময়ের সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আমি আশা প্রকাম করেন তিনি।