https://www.emjanews.com/

12026

sylhet

প্রকাশিত

০৮ ডিসেম্বর ২০২৫ ১১:২৩

আপডেট

০৮ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

সিলেট

সিলেটে পেঁয়াজের দাম কমছে, বাড়ছে তেলের

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:২৩

গত কয়েকদিনে হঠাৎ কোনো কারণ ছাড়া বেড়েছে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। এমন অবস্থায় ভারত থেকে ১ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। 

রোববার (০৭ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ অনুমতি দেয়া হয়েছে। আমদানির খবরে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দাম কমে গেছে। বাজারে পেঁয়াজ প্রবেশ করলে দাম আরও কমবে বললে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সিলেটের অনেক জায়গায় কেজিপ্রতি ২০ টাকা দাম কমেছে।

মোট ৫০ জন আমদানিকারককে এ অনুমোদন দেওয়া হয়। তবে কোনো আমদানিকারকই ৩০ টনের বেশি পেঁয়াজ আমদানি করতে পারবেন না। আবার কেউ দ্বিতীয়বারের জন্য আমদানির আবেদন করতে পারবেন না। আমদানির অনুমতির বা আইপির মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের আমদানির অনুমোদন দেওয়া হবে।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

অপরদিকে, সরকারের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে ৬ ও ৭ টাকা।

এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা।

রোববার (৭ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী-বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা।

এর আগে কর্তৃপক্ষকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ হয় সরকার। সরকারের অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের কাছে কারণ জানতে চাওয়া হয়।