ছবি: মদিনা মার্কেটে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ।
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় বিএনপি ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি এবং হামলার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এক পরিবহন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং পরিবহন নেতাদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে মাঝরাতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকরা। ফলে সড়কটিতে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিবহন মালিক-শ্রমিক নেতা আলী আকবর রাজন অভিযোগ করে বলেন, মদিনা মার্কেট এলাকায় বিএনপি ও ছাত্রদলের পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে তারা শ্রমিকদের ওপর হাত তুলছে। রোববার রাতের ঘটনাও এরই ধারাবাহিকতা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহানগর বিএনপি সহযোগিতা করবে—এমন আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
এ সময় শ্রমিকরা আরও অভিযোগ করেন, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে মদিনা মার্কেট এলাকায় ছাত্রদল পরিচয়ে স্থানীয় একটি যুবচক্র চেয়ার-টেবিল বসিয়ে ‘চাঁদার হাট’ তৈরি করেছে। পুলিশ প্রশাসনের সামনে এসব কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ চক্রের বিরুদ্ধে নিরীহ মানুষের ওপর একাধিকবার হামলার অভিযোগ থাকলেও কোনো প্রতিকার হয়নি বলে দাবি করেন তারা।
এদিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাইনুল জাকির জানান, সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েন করা হয়। পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
