কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পেঁয়াজসহ একটি চক্রের একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সোলায়মান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার এলাকার আমজাদ আলী রোডের কালিঘাটে মেসার্স জায়ান ভ্যারাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ বলছে, অভিযানের সময় ছয়টি পেডেলচালিত ভ্যানগাড়িতে বহনকৃত ৯০ বস্তা ভারতীয় অবৈধ পেঁয়াজ উদ্ধার করা হয়। জব্দকৃত পেঁয়াজের মোট পরিমাণ ৪ হাজার ৫০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এ সময় ওই মালামাল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার ছাতক থানার কৈতক গ্রামের আদেশ দাশের ছেলে আন্টু মোহন দাস ওরফে আকাশ দাস (৩২)। পুলিশ জানায়, তিনি বর্তমানে সিলেট জেলার কোতোয়ালী থানার সোবহানীঘাট এলাকায় লাল মিয়ার বিল্ডিংয়ের একটি বাসায় বসবাস করছেন।
পুলিশ আরও জানায়, জব্দকৃত ছয়টি ভ্যানগাড়ী ও পেঁয়াজ জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
