https://www.emjanews.com/

12344

sylhet

প্রকাশিত

১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬

আপডেট

১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫

সিলেট

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

গুলিবিদ্ধ আরেকজন আত্মগোপনে।

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬

ছবি: সংগৃহিত।

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে ইয়াকুব উদ্দিন (২২)। এ ঘটনায় মোশাঈদ (২২) গুলিবিদ্ধ হন।

বিজিবি ও পুলিশ জানায়, কয়েকজন বাংলাদেশি নাাগরিক দমদমা ১২৬০ নম্বর মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। এসময় ভারতীয় খাসিয়ার গুলি ছুঁড়লে তাদের মধ্যে আশিকুর ও ইয়াকুব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

অপর গুলিবিদ্ধ মোশাঈদ পলাতক রয়েছেন।

ভারতীয়দের গুলিতে দুজন বাংলাদেশি তরুণ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল ইসলাম জানান, ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন নিহত হওয়ার ব্যাপারে তিনি জেনেছেন। 

তিনি জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) দমদমিয়া এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস এর কাছে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে রাজন টিলা এলাকায় প্রবেশ করে। এসময় বাগান মালিক (খাসিয়া) তাদের লক্ষ্য করে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি করলে চোরাকারবারি মোঃ আশিকুর (২২), পিতা-মোঃ বোরহান, গ্রাম-পূর্ব তুরং, ডাকঘর-চড়ারবাজার, থানা-কোম্পানিগঞ্জ, জেলা-সিলেট, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা অন্যান্য চোরাকারবারিরা নিহত ব্যক্তির মৃতদেহ বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসে বলে জানা যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, অপরদিকে দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও উৎমা সীমান্তবর্তী এলাকা দিয়ে ২ জন চোরাকারবারি অবৈধভাবে সুপারি চুরির উদ্দেশ্যে শূন্য লাইন হতে আনুমানিক ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে মৌপতি গ্রামের একটি সুপারি বাগানে প্রবেশ করেন। সেসময় বাগানের মালিক ভারতীয় খাসিয়া নাগরিক তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে উভয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় লোকজন জনৈক ইয়াকুব উদ্দিনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ প্রাপ্তির পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ থানায় নিয়ে যায়। অপর আহত ব্যক্তি বর্তমানে আত্মগোপনে রয়েছে বলে জানা যায়।