সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌরভ উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পর প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন >> সিলেটে সাবেক মেম্বারকে কু/পি/য়ে খু*ন : দুই ভাই আ ট ক
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, মসজিদের জায়গা এবং চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিলো। এর জের ধরে তাকে খুন করা হয়েছে। রোববার (১১ জানুযারি) ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর একই উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে আতিক মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও একজন সালিশ ব্যক্তি ছিলেন। ওই ঘটনায় ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় শনিবার (১০ জানুয়ারি) দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব।
এ ব্যাপারে (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
