https://www.emjanews.com/

13175

sylhet

প্রকাশিত

১৯ জানুয়ারী ২০২৬ ২০:৩২

আপডেট

১৯ জানুয়ারী ২০২৬ ২০:৩৩

সিলেট

দোয়ারাবাজারে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক! হুমকিতে পরিবেশ

প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ২০:৩২

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর, পান্ডারগাঁও, সুরমা ইউনিয়নের হাওরসহ বিভিন্ন এলাকায় অবাধে চলছে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক। এক শ্রেণির অসাধু চক্র কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরেই এই অবৈধ কর্মকাণ্ড চললেও প্রভাবশালী চক্রের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। আমন ফসল কর্তন ও বোরো রোপণের মধ্যবর্তী সময়ে এই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় তারা খাস জমি ও নদীর তীর থেকেও মাটি কেটে নিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সুরমা ইউনিয়নের শান্তিপুর হাওরে সরকারি জমি ও কৃষকদের ধান মাড়াইয়ের স্থান কেটে গভীর গর্ত তৈরি করা হয়েছে। প্রতিরাতে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ট্রাক্টর ও ট্রাকে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে গ্রামীণ সড়কগুলোরও ব্যাপক ক্ষতি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন ইমজা নিউজকে বলেন, `ফসলি জমি থেকে টপ সয়েল কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হয় এবং উৎপাদন কমে যায়। দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি ও পরিবেশ বড় সংকটে পড়বে।'

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ ইমজা নিউজকে জানান, কৃষি জমির মাটি কাটার বিষয়ে তথ্য পাওয়া গেছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।