মিছিল ও ব্যান্ডের শব্দে রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়ে উঠেছে সিলেটের রাজপথ। বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা-উপজেলা থেকে দলে দলে মানুষ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের দিকে এগিয়ে আসছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরীর বিভিন্ন সড়কে বিএনপি ও ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দিতে মিছিল দেখা যায়। কোনো কোনো দলে ছিল ব্যান্ড পার্টি; বাদ্যের তালে তালে নাচতে নাচতে অংশগ্রহণকারীদের আলিয়া মাদরাসা মাঠ অভিমুখে যেতে দেখা যায়। কারও কারও হাতে ছিল ধানের শীষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ থেকেই শুরু হয়েছে। বিএনপি সিলেট থেকেই তাদের প্রচারণা শুরু করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটে পৌঁছান।
আলিয়া মাদরাসা মাঠে সকাল ১০টা থেকে জনসভা শুরু হয়। এতে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনকে কেন্দ্র করে এবারও বিএনপি এখানে নির্বাচনী জনসভা করছে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। বুধবার রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা মাঠে অবস্থান করছেন বলে জানা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়কে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাঠের পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পন্ন হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। জনসভা থেকে সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। ওই সমাবেশে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
