সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকায় গলফ ক্লাবের পেছনে কবরস্থানসংলগ্ন স্থান থেকে একটি বিদেশী এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতের অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব সরঞ্জাম পাওয়া যায়।
র্যাব জানায়, গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দের পর থেকে অদ্যাবধি র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৪০টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, পাঁচটি ম্যাগাজিন, ১১ হাজার ৭৪০ গ্রাম বিস্ফোরক, ৭৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১০০টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯ সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। গত ২৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, লাক্কাতুরা চা বাগান এলাকায় এয়ারগান পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন তথ্যের পর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গলফ ক্লাবের পেছনে কবরস্থানসংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী এয়ারগান এবং ৯৭০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। এ সময় এসবের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি বলে জানায় র্যাব।
র্যাব-৯ জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও গুলির বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে এসব সরঞ্জাম নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও বাহিনীটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো সাধারণ ডায়েরিমূলে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
