https://www.emjanews.com/

13471

sylhet

প্রকাশিত

০১ ফেব্রুয়ারী ২০২৬ ১১:৪৮

আপডেট

০১ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৫২

সিলেট

সিলেটে প্রবাসীর স্ত্রী-কন্যার সাথে অ/নৈ/তি/ক সম্পর্কে গৃহশিক্ষক খু*ন : গ্রে ফ তা র ৩

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬ ১১:৪৮

সিলেটের জালালাবাদ থানা এলাকায় বাদেশ্বর নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং একজন কিশোর আইনের সঙ্গে সংঘাতে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, গত ২৯ জানুয়ারি দুপুরে জালালাবাদ থানাধীন ২ নম্বর হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও এলাকায় বাদেশ্বর নদীর উত্তর পাড়ে কুড়াইল হাওড়ের ঝোপঝাড় থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে মরদেহের পরিচয় শনাক্ত হয়। নিহত ব্যক্তি সিলেট জেলার এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার মংলিপাড়ার আমীর আলীর ছেলে শোয়েবুর রহমান ওরফে শিহাব ওরফে রাজ (৩০)।

নিহতের বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এরপর নিহতের ব্যবহৃত মোবাইল নম্বর ও টেলিযোগাযোগ তথ্য বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন সোনারপাড়া এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন সিলেট জেলার জালালাবাদ থানার বড়পৌদ এলাকার মহরম আলীর ছেলে আব্দুল মতিন (৪৫) এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁও এলাকার মহরম আলীর মেয়ে খালেদা বেগম (৩২), যিনি বর্তমানে শাহপরাণ (রহ.) থানার সোনারপাড়া এলাকায় বসবাস করছেন। একই অভিযানে ১৬ বছর বয়সী এক কিশোরকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত হিসেবে আটক করা হয়।

পুলিশ বলছে, তদন্ত ও আটক ব্যক্তিদের জবানবন্দির ভিত্তিতে জানা গেছে, শোয়েবুর রহমান ২০২৩ সাল থেকে খালেদা বেগমের বাসা থেকে তার সন্তানদের আরবি পড়াতেন। খালেদা বেগমের স্বামী প্রবাসে থাকায় শোয়েবুর রহমান বাসার সার্বিক বিষয়াদি দেখাশোনা করতেন। একপর্যায়ে শোয়েবুর ও খালেদার মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। 

শোয়েবুর রহমান খালেদা বেগমকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং তার স্বামীর সাথে শিবগঞ্জ উপশহর এলাকায় একটি প্লট যৌথভাবে ক্রয়ের পরিকল্পনা করে ২০ লক্ষ টাকা বায়না করান। পরবর্তীতে শোয়েবুর পর্তুগাল ও লন্ডনে  নেওয়ার প্রলোভন দেখিয়ে জমির বায়নার টাকা ও খালেদা বেগমের প্রায় ৭ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার বিক্রির অর্থসহ বিভিন্ন সময়ে  প্রায় ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেন। 
 
পুলিশ জানায়, একপর্যায়ে লন্ডনে নেওয়ার জন্য চাপ দিলে শোয়েবুর খালেদা বেগম ও তার পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একইসাথে তার মেয়ের সাথেও অনৈতিক সম্পর্ক স্থাপন করে।

পুলিশের ভাষ্যমতে, ঘটনার ধারাবাহিকতায় পূর্বপরিকল্পনার অংশ হিসেবে বাদেশ্বর নদীর পাশে কুড়াইল হাওড় এলাকায় বেতের ঝোপে ওই যুবককে হত্যা করা হয় এবং মরদেহ সেখানে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, আটক দুইজন এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।