https://www.emjanews.com/

13495

sports

প্রকাশিত

০১ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৩৬

খেলাধুলা

বিশ্বকাপ

খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের ম্যাচ

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৩৬

ছবি: সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনার পর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপে অংশ নিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান দল। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, যা নেওয়া হয়েছে পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান ক্রিকেট দল অংশগ্রহণ করবে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’

এর আগে গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠক শেষে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁকে আইসিসি সংক্রান্ত বিষয় অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন সব বিকল্প খোলা রেখেই সমাধান করা হয়।’

আজ পিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

আগামী শনিবার ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ দলকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি।

এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে অবস্থান নিয়েছে পাকিস্তান। এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথাও বিবেচনা করেছিল পিসিবি।

তবে বিশ্বকাপ পুরোপুরি বয়কট করলে পাকিস্তানকে আইসিসির নানা ধরনের শাস্তির মুখে পড়তে হতো বলে আশঙ্কা করা হচ্ছিল। বড় ধরনের ঝুঁকি এড়াতে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কৌশল নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।