বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ড ব্রাজিলের, বহিষ্কারের নানা রেকর্ড
প্রকাশ: ২৬ জুন ২০২৬ ২১:৩৭
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের ইতিহাস শুধু দুর্দান্ত গোল, নাটকীয় ম্যাচ কিংবা শিরোপা জয়ের গল্পেই সীমাবদ্ধ নয়। এই মহারণে লাল কার্ডও লিখেছে আলাদা এক ইতিহাস। বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এখন পর্যন্ত দলটির খেলোয়াড়রা মোট ১১ বার মাঠ থেকে বহিষ্কৃত হয়েছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের ফুটবলাররা ১০ বার লাল কার্ড দেখেছেন। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে ও ক্যামেরুন। দুই দলের খেলোয়াড়রা ৯ বার করে লাল কার্ড দেখেছেন।
এ ছাড়া জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসের খেলোয়াড়রা বিশ্বকাপে ৮ বার করে লাল কার্ড দেখেছেন। পরিসংখ্যান বলছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলগুলোকেও বিভিন্ন সময়ে শৃঙ্খলাভঙ্গের মূল্য দিতে হয়েছে।
তুরস্কের বিশ্বকাপ ইতিহাসে লাল কার্ডের সংখ্যা মাত্র দুটি হলেও ঘটনাটি বেশ স্মরণীয়। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচেই আলপাই ওজালান ও হাকান উনসাল—দুজনকেই লাল কার্ড দেখানো হয়েছিল। ২-১ ব্যবধানে হারের সেই ম্যাচটি এখনও তুরস্কের বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।
এ পর্যন্ত অনুষ্ঠিত ২২টি বিশ্বকাপে রেফারিরা মোট ১৭৭টি লাল কার্ড দেখিয়েছেন। সময়ের সঙ্গে প্রতিযোগিতার তীব্রতা বাড়ার পাশাপাশি রেফারিংও হয়েছে আরও কঠোর। সবচেয়ে বেশি ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। বিপরীতে ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ শেষ হয়েছিল কোনো লাল কার্ড ছাড়াই।
আন্তর্জাতিক ফুটবলে হলুদ ও লাল কার্ডের নিয়ম চালু হয় ১৯৭০ বিশ্বকাপ থেকে। তবে মজার বিষয় হলো, যে আসরে এই নিয়মের সূচনা হয়েছিল, সেই টুর্নামেন্টে কোনো খেলোয়াড়ই লাল কার্ড দেখেননি।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম লাল কার্ড দেখানো হয় ১৯৭৪ সালের পশ্চিম জার্মানি বিশ্বকাপে। তুরস্কের রেফারি দোগান বাবাজান পশ্চিম জার্মানি ও চিলির ম্যাচের ৬৭তম মিনিটে চিলির ফরোয়ার্ড কার্লোস কাসেলিকে বহিষ্কার করে নতুন এই নিয়মের প্রথম প্রয়োগ করেন।
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ম্যাচগুলোর একটি ছিল ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে পর্তুগাল ও নেদারল্যান্ডসের শেষ ষোলোর লড়াই। রুশ রেফারি ভ্যালেন্তিন ইভানভ ওই ম্যাচে রেকর্ড চারটি লাল কার্ড দেখান, যা এখনো বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। পর্তুগালের কস্তিনিয়া ও ডেকো এবং নেদারল্যান্ডসের খালিদ বুলাহরুজ ও জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট মাঠ ছাড়তে বাধ্য হন। শেষ পর্যন্ত মানিশের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় পর্তুগাল, তবে ম্যাচটি বেশি আলোচিত হয়ে আছে উত্তেজনা ও বিশৃঙ্খলার জন্য।
বিশ্বকাপের ফাইনালেও রয়েছে লাল কার্ডের নজির। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো লাল কার্ড দেখানো হয়। পশ্চিম জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার পেদ্রো মনসন প্রথমে বহিষ্কৃত হন। পরে গুস্তাভো দেজোত্তিও লাল কার্ড দেখলে আর্জেন্টিনা নয়জনের দলে পরিণত হয়। ম্যাচের ৮৫তম মিনিটে আন্দ্রেয়াস ব্রেমের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে শিরোপা জিতে নেয় পশ্চিম জার্মানি।
