ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন বাংলাদেশি হাজি। মোট ১৮০টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে তারা দেশে পৌঁছেছেন। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফেরেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩০ হাজার ৫৭৩ জন, সৌদি এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ২২ হাজার ৭২৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন হাজি।
সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশে ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন হাজি। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬১ হাজার ৭১৫ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি।
উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে সমবেত হন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন ৭৮ হাজারের বেশি হজযাত্রী।
গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, চলতি বছরের হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন বাংলাদেশে পৌঁছাবে।
