https://www.emjanews.com/

13549

sylhet

প্রকাশিত

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১:৫৬

আপডেট

০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:০৬

সিলেট

সিলেটে ভোটের নতুন সমীকরণ : ২৭ হাজার ভোটার স্থানান্তর

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের পর এবার ‘ভোটার স্থানান্তর’ নিয়ে বিতর্ক নতুন মোড় নিয়েছে। সারাদেশের মতো সিলেট অঞ্চলেও ভোটার স্থানান্তরের ঘটনা ঘটেছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলে এবার ভোটার এলাকা পরিবর্তন করেছেন ২৭ হাজার ৫৭৬ জন। যদিও সারাদেশের তুলনায় এই সংখ্যাটি সর্বনিম্ন, তবুও ভোটের মাঠে এই স্থানান্তরিত ভোটাররা ‘ফ্যাক্টর’ হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিএনপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে যে, একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ‘অস্বাভাবিক’ হারে ভোটার স্থানান্তর করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে অভিযোগ করেন, “কিছু নির্দিষ্ট আসনে অস্বাভাবিক ভোটার স্থানান্তর হয়েছে। এমন হোল্ডিং নম্বর পাওয়া গেছে যেখানে ৫ জন থাকার কথা, সেখানে ২০-২৫ জন ভোটার দেখানো হয়েছে। এরাই মূলত ভুয়া ভোটার বা উদ্দেশ্যপ্রণোদিত মাইগ্রেশনে জড়িত।”

তবে বিএনপির এই অভিযোগের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জনগণের বিপুল সমর্থন দেখে একটি দল অস্থির হয়ে এসব কথা বলছে।”

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ভোটার স্থানান্তরের আবেদন জমা পড়েছিল ৮ লাখ ৪ হাজারের মতো। এর মধ্যে ৭ লাখ ৭১ হাজার জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে কুমিল্লা অঞ্চলে (১ লাখ ৫ হাজার ৫৪৩ জন)। আর সবচেয়ে কম ভোটার স্থানান্তরের ঘটনা ঘটেছে এই সিলেট অঞ্চলে, যার সংখ্যা ২৭ হাজার ৫৭৬।

তুলনামূলক চিত্রে দেখা যায়, ঢাকা অঞ্চলে ৮৬ হাজার ৮২৫ জন, খুলনা অঞ্চলে ৮১ হাজার ৭২৫ জন এবং বরিশাল অঞ্চলে ৮৫ হাজার ৭২০ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। সেই তুলনায় সিলেটে স্থানান্তরের হার কম হলেও, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে বিশেষ করে সিলেট-১ বা ৩ আসনে বড় প্রভাব ফেলতে পারে।

তথ্য অনুযায়ী, বিগত চার বছরে সারাদেশে মোট ভোটার স্থানান্তর হয়েছে ২১ লাখ ১৫ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ২০২৪ সালেই স্থানান্তরিত হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৯১৭ জন, যা চলতি নির্বাচনী বছরের তুলনায় প্রায় অর্ধেক।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটসহ সারাদেশে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনে স্থানান্তরিত এই ২৭ হাজার ভোটার কাদের ভোট দিবেন, তা নিয়ে কৌতূহল থাকছেই।