সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী চেয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ নিয়ে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা রিটার্নিং অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি।
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে এমরান আহমদ বলেন, সিলেট-৬ আসনের গোলাপগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হলেও বিয়ানীবাজারে নেই, বিজিবি দেয়া হয়েছে। আমাদের দাবি ছিলো দুটি উপজেলাতেই সেনাবাহিনী মোতায়েন করার। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে আমরা স্মারকলিপি এবং নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছি। কিন্তু তারপরও কোন প্রতিকার হয়নি।
তিনি আরো বলেন, “আমরা জানতে পেরেছি, প্রতিপক্ষ দল আশপাশের আসন থেকে লোকজন নিয়ে আমাদের সেন্টার দখল করতে পারে।”
তিনি বলেন, “কেবল ভোটকেন্দ্র দখলের শংকা নয় পাশাপাশি সংখ্যালঘুদেরও হুমকি দেয়া হচ্ছে, যাতে তারা ভোট কেন্দ্রে না যান। তাছাড়া রাতের অন্ধকারে টাকা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। এসব বিষয় নিয়ে শংকিত হয়ে আজ আমি রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছি।”
তিনি বলেন, “জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা হওয়া সত্বেও সেখানে সেনা মোতায়েন করা হলেও বিয়ানীবাজারে হয়নি। এখানে কোন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি না, এ ব্যাপারটি আমাকে শংকিত করে তোলেছে।”
উল্লেখ্য, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত এই আসনে এমরান আহমদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের ‘বিদ্রোহী’ প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম।
