https://www.emjanews.com/

13716

international

প্রকাশিত

১০ ফেব্রুয়ারী ২০২৬ ২১:০২

আন্তর্জাতিক

চীনে সোনার খনিতে দুর্ঘটনা: তথ্য গোপনের অভিযোগে ১১ কর্মকর্তা আটক

৭ শ্রমিক নিহত

প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২১:০২

ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের কানঝুয়াং সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন খনি শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে খনির একটি উলম্ব সুড়ঙ্গে শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত খাঁচা ছিঁড়ে প্রায় ২৪০ মিটার গভীরে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, খনিতে ডাবল সেফটি সিস্টেম বা দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও দুটি তার একসঙ্গে ছিঁড়ে যাওয়ায় খাঁচাটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাত শ্রমিকের মৃত্যু হয়।

এই ঘটনাটি নিয়ে চীনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, খনি কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর সময়মতো সরকারি দপ্তরে জানায়নি। শনিবারের দুর্ঘটনার বিষয়টি সোমবার রাতে একটি গোপন সংবাদের মাধ্যমে প্রকাশ্যে আসে।

ঝাওইউয়ান জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানি নির্ধারিত নিয়ম অনুযায়ী দুর্ঘটনার রিপোর্ট দেয়নি, যার ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়ে থাকতে পারে। তথ্য গোপনের অভিযোগে খনি ব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট খনি কোম্পানি ‘ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রি’র শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে। জানা গেছে, নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে গত বছরও এই খনিটিকে দুইবার জরিমানা করেছিল স্থানীয় প্রশাসন।

বর্তমানে জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও পাবলিক সিকিউরিটি ব্যুরো যৌথভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং তথ্য গোপনের অভিযোগ তদন্ত করছে।

এদিকে, একই দিন চীনের শানসি প্রদেশের একটি বায়োটেক কারখানায় পৃথক এক বিস্ফোরণে আরও আটজন নিহত হয়েছেন। এই দুটি ঘটনা চীনের শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কঠোর নজরদারির আওতায় রাখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।