ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জে ৩ জন এবং হবিগঞ্জের বানিয়াচংয়ে ৭ জনকে আটক করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন এবং রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একই অভিযোগে আরও ১ জনকে আটক করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জাল ভোট দেওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক ব্যক্তিদের একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে একই দিন সকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সাত কিশোরকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে কেন্দ্রে প্রবেশ করে ভোট দেওয়ার চেষ্টা করলে তাদের হাতে থাকা ভোটার স্লিপের সঙ্গে বয়সের অসামঞ্জস্য ধরা পড়ে। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আটক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
