ছবি: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন রুমিন ফারহানা। নির্বাচনের পরদিন শুক্রবার তিনি হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন এবং বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
রুমিন ফারহানা জানান, তাকে দলে ফেরাতে হলে যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, তাদেরও বিএনপিতে ফিরিয়ে নিতে হবে।
তিনি বলেন, ‘আমার কারণে যাদের বহিষ্কার করা হয়েছে, তারা সবাই আমার সঙ্গে কষ্ট করেছে। আমি যদি দলে ফিরি, তাহলে তাদেরও দলে ফেরাতে হবে।’
রুমিন ফারহানা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ছিলেন। একাদশ জাতীয় সংসদে তিনি বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করায় গত ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে সরাইল উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্তত ১০ জন নেতাকেও বহিষ্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নিজের রাজনৈতিক পথচলার কঠিন অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার জার্নিটা কঠিন ছিল। কিন্তু আমার চেয়েও কঠিন জার্নি ছিল আমার নেতাকর্মীদের। আমি যদি না জিততাম, ঢাকায় ফিরে যেতে হতো, নিজের পেশায় ফিরে যেতাম। কিন্তু আমার এতগুলো কর্মী-সবাই বহিষ্কার হয়ে গেছে। ১৭টা বছর তারা কষ্ট করেছে, ঘরে ঘুমাতে পারে নাই। তবুও তারা সবাই খুশি। এই ভালোবাসার ঋণ কীভাবে শোধ করবো আমি?’
নির্বাচনের দিন দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে অনিয়মের চেষ্টার অভিযোগও করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের পর বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে, ফলাফল আটকে রাখার চেষ্টা করা হয়েছে।’
জালিয়াপাড়া কেন্দ্রের একটি ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি নিজে গিয়ে খেজুর গাছের কর্মীদের সঙ্গে মারামারি করে কেন্দ্রে ঢুকেছি। আবার ভোট গণনায় অংশ নিয়েছি। কিছু ফলস ভোটও পেয়েছি। এগুলো সবই চ্যালেঞ্জ ছিল।’
বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা। হাঁস প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।
এই বিজয়ের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চমক সৃষ্টি করেছেন রুমিন ফারহানা। এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার বিএনপিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা ও শর্তের বিষয়টি।
