ছবি: সংগৃহীত
ইয়েমেনের শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার। নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও বিতাড়নের মুখোমুখি হতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনিদের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক ‘টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস (টিপিএস)’ বাতিলের ঘোষণায় প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে দুই মাসের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে হবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নয়েম বলেন, ‘ইয়েমেনের নাগরিকদের জন্য এখন নিজ দেশে ফেরা নিরাপদ। টিপিএস কর্মসূচি বর্তমানে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।’
তিনি আরও দাবি করেন, এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিছু অভিবাসী জাতীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার জন্য বোঝা হয়ে উঠছে।
টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস (টিপিএস) কর্মসূচির মাধ্যমে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিপজ্জনক পরিস্থিতিতে থাকা বিদেশি নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়।
মানবাধিকার সংস্থাগুলো এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এখনও ইয়েমেন-এ সহিংসতা ও মানবিক সংকট অব্যাহত রয়েছে, ফলে শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিশ্লেষকদের ধারণা, এই সিদ্ধান্ত অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই অংশ এবং এর ফলে মধ্যপ্রাচ্যের শরণার্থীদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।
