https://www.emjanews.com/

13868

entertainment

প্রকাশিত

১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২১:০৭

বিনোদন

বিশেষ শর্তে জামিন পেলেন রাজপাল যাদব

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২১:০৭

ছবি: রাজপাল যাদব

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদব-এর জামিন নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। সোমবার দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলেও একটি বিশেষ শর্ত জুড়ে দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ টাকা জমা দিতে পারলেই কেবল জামিন পাবেন অভিনেতা। নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ জমা দিতে ব্যর্থ হলে জামিন কার্যকর হবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আদালত।

চেক বাউন্স সংক্রান্ত মামলায় আত্মসমর্পণের পর বর্তমানে তিনি দিল্লির তিহার জেল-এ বন্দি রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘিরে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, রাজপাল যাদব জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে অভিনেতা সালমান খান-কে ‘বড় ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০১৮ সালের একটি পুরনো ভিডিও, যখন অন্য একটি মামলায় প্রায় তিন মাস কারাভোগ করেছিলেন রাজপাল যাদব। সেই সময়ের ভিডিও বর্তমান ঘটনার সঙ্গে মিলিয়ে নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

কঠিন এই সময়ে রাজপাল যাদবের পাশে দাঁড়িয়েছেন তারকারা। সহায়তার হাত বাড়িয়েছেন সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, অজয় দেবগনসহ একাধিক তারকা।

এছাড়া বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং কেআরকে-ও অভিনেতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহল বলছে, আদালতের শর্ত পূরণ হলে রাজপাল যাদব দ্রুত মুক্তি পেতে পারেন। তবে সময়মতো অর্থ জমা না হলে তাকে আরও কিছুদিন কারাগারেই থাকতে হবে।