ছবি: শিল্পা শেঠি
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ১৯৯৩ সালে বাজিগর সিনেমায় শাহরুখ খান ও কাজল-এর সঙ্গে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ধারাবাহিকভাবে একের পর এক কাজের প্রস্তাব পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে।
সম্প্রতি ‘টুমরো, টুডে শো’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠোর পরিশ্রমের স্মৃতি তুলে ধরেন তিনি। সেখানে তিনি জানান, কঠোর পরিশ্রমই তার সাফল্যের মূল চাবিকাঠি।
অভিনেত্রী জানান, একবার শুটিং চলাকালে গুরুতরভাবে পিঠ পুড়ে যায় তার। একটি শটে এইচএমআই লাইটের তাপে তার পিঠ পুড়ে যায়। তিনি বলেন, ‘শট অনুযায়ী আমাকে ফ্রেমের বাইরে যেতে হয়েছিল, আর পেছনের আলোটা গায়ে লাগে। তখন বুঝিনি, পরে জ্বালা শুরু হলে বিষয়টি টের পাই।’
ঘটনার পরদিনও শুটিংয়ে হাজির হন তিনি। যদিও পোড়া পিঠের কারণে নির্ধারিত পোশাক পরতে পারেননি। তখন সামনে থেকে পোশাক পরে সেটি সুতা দিয়ে সেলাই করে নেওয়ার ব্যবস্থা করেন, যাতে চেইন ব্যবহার করতে না হয়।
শিল্পা বলেন, ‘আমি জীবনে এতটাই কঠোর পরিশ্রম করেছি, যাতে আমার কারণে অন্য কারও ক্ষতি না হয়।’ তিনি আরও জানান, তার এই পেশাদার মনোভাবই তাকে কাজ পেতে সাহায্য করেছে। “মানুষ আমার পরিশ্রম দেখেছে। পরিস্থিতি যাই হোক, আমি সবসময় কাজ শেষ করেছি এবং উপস্থিত থেকেছি।”
উল্লেখ্য, সম্প্রতি রোহিত শেঠি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা গেছে তাকে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে কন্নড় সিনেমা কেডি: দ্য ডেভিল, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন সঞ্জয় দত্তসহ একঝাঁক তারকা।
