প্রশাসকের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী: সিসিককে গতিশীল করার প্রতিশ্রুতি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৫৭
সিলেট নগরীর সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, নগরীর উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করা হবে এবং নাগরিকরা যাতে দ্রুত ও কার্যকর সেবা পান সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে এসে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)- এর র মাজার জিয়ারত করেন। পরে সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, গত রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। এর আগে গত বছরের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশন এর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হলে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সিলেট-৩ আসনে সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে দলীয় মনোনয়ন পাননি। পরে তিনি সিলেটের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
আজ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান মো. রেজা উন নবী, যিনি সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সিসিকের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ সংস্থাটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
