https://www.emjanews.com/

14039

entertainment

প্রকাশিত

২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৫৯

বিনোদন

পেয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না কবি মোহন রায়হান

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০:৫৯

ছবি: কবি মোহন রায়হান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হলেও পুরস্কার পাননি কবি মোহন রায়হান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। সেগুলো খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে। আগের সরকারের সময় বাংলা একাডেমি তাঁকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল। এখন আমরা বিষয়টি যাচাই করছি। তারপর সিদ্ধান্ত হবে।’

কোন ধরনের অভিযোগ উঠেছে-এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এখন কিছু বলা যাবে না।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাই আপাতত তাঁকে পুরস্কার দেওয়া হয়নি। অভিযোগগুলো যাচাই–বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হবে। একটু অপেক্ষা করতে হবে।’

এদিকে বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। কবিতায় মোহন রায়হানের মনোনয়নের কথা জানানো হয়েছিল বাংলা একাডেমি-র সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজের পোস্টে মোহন রায়হান লেখেন, ‘আপনারা অবগত আছেন, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার প্রত্যাশার বাইরে ছিল। আমি কারও কাছে তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করেছিল।’

তিনি আরও অভিযোগ করেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তাঁর কবিতা ‘তাহেরের স্বপ্ন’-এর কারণে পুরস্কার বাতিল করা হয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গতকাল এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও হয়েছিল। আজ পুরস্কার নিতে এসে জানতে পারলাম, ওই কবিতার জন্য একটি মহল প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

পুরস্কারের ঘোষণা দিয়ে পরে তা না দেওয়া কবিকে অসম্মান করা কি না- এমন প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘মনোনয়ন দেয় বাংলা একাডেমি। আমরা শুধু অভিযোগগুলো খতিয়ে দেখছি। এটা সাময়িক সমস্যা। দু–এক দিনের মধ্যেই পুরস্কার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।’

বর্তমানে মোহন রায়হান জাতীয় কবিতা পরিষদের সভাপতি। বিষয়টি সম্পর্কে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘মোহন রায়হানের কবিতা ও লেখালেখি নিয়ে কিছু অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ তা যাচাইয়ের স্বার্থে সাময়িকভাবে তাঁর পুরস্কার স্থগিত করেছে। যাচাই শেষ হলে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।’