ইতিহাসের পাতায় সিকান্দার রাজা
তিন হাজার রান ও ১০০ উইকেটের বিরল কীর্তি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:২৪
ছবি: সিকান্দার রাজা
নতুন কীর্তি গড়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম লেখালেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে বিরল এক দ্বৈত রেকর্ড গড়েন তিনি।
চেন্নাইয়ের মাঠে স্বাগতিক ভারতের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ১৫ রান করতেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রাজা। এর মাধ্যমে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একসঙ্গে ৩ হাজার রান ও ১০০ উইকেটের মালিক হলেন তিনি।
এই ম্যাচে ভারতের দেওয়া ২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে সর্বোচ্চ চেষ্টা করেও জয় পায়নি। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৮৪ রান। ফলে চলমান বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে হয় জিম্বাবুয়েকে।
এর আগে এই কীর্তি গড়া একমাত্র ক্রিকেটার ছিলেন মালয়েশিয়ার বীরান্দীপ সিং। তিনি ১১১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩১৮০ রান ও ১০৯ উইকেট শিকার করেছিলেন।
অন্যদিকে, সিকান্দার রাজা ১৩২টি ম্যাচ খেলে বর্তমানে ৩০১৬ রান ও ১০৪ উইকেটের মালিক হয়েছেন। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে নিজ দেশের হয়ে প্রথম এবং বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে তিন হাজারের বেশি রান করার অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।
এই অর্জনের মাধ্যমে জিম্বাবুয়ে ক্রিকেটের ইতিহাসে নতুন এক গৌরবময় অধ্যায় যোগ করলেন সিকান্দার রাজা।
