ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার রাইলি রুশো আইপিএল ও পিএসএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বর্তমানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-এর হয়ে পিএসএলের ১১তম আসরে খেলছেন এই তারকা ব্যাটার।
রুশো বলেন, দুটি লিগেরই ভালো-মন্দ দিক রয়েছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনেক লম্বা টুর্নামেন্ট, যেখানে ক্রিকেটের পাশাপাশি বিনোদনের দিকটি বেশি প্রাধান্য পায়। তার ভাষায়, বলিউডের বড় সংযোগ থাকায় আইপিএল অনেকটা ‘সিনেমার মতো’ হয়ে গেছে।
অন্যদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছোট ও ঘনভাবে আয়োজন করা হয়, যেখানে প্রতিযোগিতা বেশি তীব্র।
এর আগে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা-ও পিএসএলকে আইপিএলের চেয়ে এগিয়ে রেখেছিলেন। তিনি বলেন, দীর্ঘ দুই মাসের আইপিএলে একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নিজের দক্ষতার যথাযথ মূল্যায়ন পান না।
আইপিএলে রুশোর ক্যারিয়ার ছিল ওঠানামার। ২০১১ সালে প্রথম নিলামে ওঠেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে নিলেও সে মৌসুমে খেলার সুযোগ পাননি। ২০১৪ সালে প্রথম ম্যাচ খেলেন তিনি। পরে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস-এর হয়েও মাঠে নামেন।
আইপিএলে ২২ ম্যাচে ২৩.৬৫ গড়ে ৪৭৩ রান করেছেন রুশো, স্ট্রাইক রেট প্রায় ১৫৩; সর্বোচ্চ অপরাজিত ৮২। ২০২৪ সালে পাঞ্জাব কিংস তাকে ৮ কোটি রুপিতে দলে নিলেও ২০২৫ মৌসুমের আগে ছেড়ে দেয়। পরবর্তীতে ২০২৫ মেগা নিলামে ২ কোটি রুপি বেস প্রাইসে নাম তুললেও কোনো দল তাকে কেনেনি।
অন্যদিকে পিএসএল ২০২৬ আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তাকে ৫৫.৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে নেয়। এখন পর্যন্ত চার ম্যাচে ১৯.৭৫ গড়ে ৭৯ রান করেছেন তিনি। ১০ এপ্রিল রাওয়ালপিন্ডির বিপক্ষে খেলেন তার সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস।
