ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ-কে ঘিরে চলছে জোর প্রস্তুতি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ।
আগের ২০২২ ফিফা বিশ্বকাপ-এ যেখানে ৩২টি দল অংশ নিয়ে ৬৪টি ম্যাচ খেলেছিল, সেখানে ২০২৬ আসরে দল বাড়িয়ে করা হয়েছে ৪৮টি এবং ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ।
এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রেকর্ড ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে থাকছেন ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। গত আসরের তুলনায় এবার ৪১ জন বেশি অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। আগের আসরের মতো এবারও থাকছেন ছয়জন নারী অফিসিয়াল।
আগামী ১১ জুন পর্দা উঠতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ৫০ সদস্য দেশের রেফারিরা। ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে থাকছে চারটি করে দল।
এদিকে বিশ্বকাপ ঘিরে উন্মাদনার পাশাপাশি টিকিটের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফিফা জানিয়েছে, নতুন করে বাজারে ছাড়া একটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪,১০৫ মার্কিন ডলার, যা আগের সর্বোচ্চ ২,৭৩৫ ডলার থেকে অনেক বেশি।
ফাইনালের টিকিটের দামেও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে সর্বোচ্চ মূল্য ছিল ৮,৬৮০ ডলার, এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০,৯৯০ ডলার। পাশাপাশি ক্যাটাগরি দুই ও তিন বিভাগের টিকিটের দামও বাড়ানো হয়েছে।
সবমিলিয়ে দল, ম্যাচ, আয়োজন এবং ব্যয়ের দিক থেকে ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল আসর- যা নিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে।
