ছবি: সংগৃহীত
নারীদের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। ইংল্যান্ড ও ওয়েলস-এ অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা আসরকে সামনে রেখে রেকর্ড পরিমাণ পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যা নারী ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।
সবশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে, যেখানে অংশ নেয় ১০টি দল। তবে এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২-তে। একইসঙ্গে গত আসরের তুলনায় মোট পুরস্কার বেড়েছে প্রায় ১০ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৮ কোটি টাকা।
এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি। এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার করে।
গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য রাখা হয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার পুরস্কার। এমনকি কোনো ম্যাচে জয় না পেলেও অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ন্যূনতম ৩ কোটি ৫ লাখ টাকা। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই উল্লেখযোগ্য অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ‘নারী ক্রিকেট দ্রুত এগিয়ে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২টি দলের অংশগ্রহণ ও রেকর্ড পুরস্কার আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে খেলাটি বৈশ্বিকভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।’
নারী ক্রিকেটের এই অগ্রযাত্রা বিশ্বমঞ্চে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
