ভুরভুরিয়াখাল রক্ষায় অভিযান শুরু করলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:০১
ছবি: সাজু মারছিয়াং
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুলে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যার ফলে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ বাড়ছে। তিনি আরও বলেন, খালকে বাঁচাতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।’
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো.মহিবুল্লাহ, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বর্জ্য অপসারণের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়রা আশা করছেন, এই অভিযানের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক নাব্যতা ফিরবে এবং কৃষি কাজে পানির সরবরাহ নিশ্চিত হবে।
সামাজিক সংগঠনগুলোর সদস্যরা এই উদ্যোগকে টেকসই করার আহ্বান জানিয়েছেন।
