https://www.emjanews.com/

14059

sylhet

প্রকাশিত

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২০

সিলেট

হবিগঞ্জ-সিলেট সড়কে বিরতিহীন বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২০

ছবি: সংগৃহীত

শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ-সিলেট সড়কে বিরতিহীন বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সিলেট ও হবিগঞ্জগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সারাদিন ওই সড়কে হবিগঞ্জের প্রায় ৩০০টি বিরতিহীন বাস চলাচল বন্ধ রাখে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। ফলে জনপ্রিয় এই রুটে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল জানান, সকালে সিলেটের শেরপুর এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে হানিফ পরিবহনের স্টাফদের সঙ্গে বিরতিহীন বাসের স্টাফদের বাকবিতণ্ডা হয়। এর জেরে সিলেট বাস টার্মিনালে সকাল পৌনে ৮টার দিকে হানিফ পরিবহনের কয়েকজন স্টাফ একত্র হয়ে বিরতিহীন বাসের সুপারভাইজার কল্যাণ বাবুকে বেধড়ক মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় কল্যাণ বাবুকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট বাস টার্মিনালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এই ঘটনার পরই হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বিরতিহীন বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

এদিকে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল হোসেন বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুই পক্ষের সঙ্গেই, বিশেষ করে হবিগঞ্জ বিরতিহীন বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি দ্রুত বিষয়টি সমাধান হবে এবং বাস চলাচল স্বাভাবিক হবে।’

বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকে টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।