ছবি: শাহ মোবাশ্বির আলী
নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির আলীকে ক্লোজড করা হয়েছে। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ-এর উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাকে আনুষ্ঠানিকভাবে ক্লোজড করা হয়।
তিনি বলেন, `সুনির্দিষ্ট কোনো একক অভিযোগ নয়, তবে কিছু দায়িত্বে অবহেলার কারণে তাকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।'
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন সিলেট-১ আসনে বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির-এর প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বির আলী বিএনপি প্রার্থীর কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করছেন। এতে স্বাভাবিক নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।
এদিকে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। দিনদুপুরে সংঘটিত ওই ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করেও সমালোচনার মুখে পড়েন ওসি মোবাশ্বির আলী।
সব মিলিয়ে দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতেই তাকে এয়ারপোর্ট থানার ওসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
