ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখাই সরকারের প্রধান লক্ষ্য। গত ১৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব গ্রহণ করেছি। আগের তুলনায় দেশের পরিস্থিতি এখন অনেক ভালো।’
পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘ঠাকুরগাঁওবাসীর অব্যাহত সমর্থনের কারণে আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের এই ভালোবাসার কাছে আমি চিরঋণী।’
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
