https://www.emjanews.com/

14049

sylhet

প্রকাশিত

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:২৮

আপডেট

২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৩৫

সিলেট

মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে : ডাঃ শফিকুর রহমান

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:২৮

জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ ভালো নেই। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সরকারি দলের দায়িত্বশীলদের কিছু কথাবার্তা এমন পরিস্থিতির কারণ। এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকারি দলের কেউ যাতে অপরাধীদের পাশে না দাঁড়ান সেই আহ্বানও জানান তিনি। তিনি বলেন, সরকারের ভালো কাজে অবশ্যই পাশে থাকবে বিরোধীদল। তবে জনগণ ও আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কিছু হলে ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

আজ শুক্রবার, সিলেটের একটি মসজিদে জুমআ’র নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নামাজ শেষে বের হয়েই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। শুরুতেই রমজান ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি এবং সবাইকে দোয়া করতে বলেন, যাতে দেশ ভালো থাকে।

তিনি বলেন, দেশ ভালো থাকার জন্য সরকারি দল, বিরোধী দল ও নির্দলীয় যারা আছেন সবাইকে কাজ করতে হবে। কারণ দেশ ও সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকব। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকার যেন এদিকে যথাযথ মনোযোগ দেন। বিশেষ করে সরকারদলীয় কেউ যেন এসব অপরাধের দায়-দায়িত্ব না নেন এবং এসব অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকজন দাঁড়ানো শুরু করেন, তবে এই সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব হবে না।

সরকারি দলের লোকজন যদি এই সদিচ্ছা দেখাতে পারেন, তবে সমাজ এবং দেশ ভালো থাকবে। আমরা এটাই প্রত্যাশা করি।

নির্বাচনের পর নতুন সরকারের অধীনে দেশ কেমন চলছে ,এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান চৌধুরী বলেন, দেশের অবস্থা ভালো নেই। এর জন্য সরকারি দলের কিছু দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ কেউ কাঁচা কথাবার্তা বলেছেন, যা সমাজকে অস্থির করে তুলছে এবং সমাজকে উসকে দিচ্ছে। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড চলতে থাকলে দেশ ভালো থাকবে কীভাবে। এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।

এ সময় তিনি বলেন, সরকার যদি ভালো কাজ করে, তাতে অবশ্যই বিরোধীদলকে পাশে পাবে। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, এমনকি আল্লাহর দ্বীনের কোনো বিষয়ে বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সেখানে ছাড় দেবে না বিরোধীদল।