সরকারি কর্মকর্তারা ১৭ বছর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন: কাইয়ুম চৌধুরী
সিসিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৩০
ছবি: সংগ্রহ
বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সিলেট জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। শনিবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের সিলেটের দুজন মন্ত্রী মন্ত্রিসভায় আছেন। একজন এই শহরেরই সংসদ সদস্য। তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আরেকজন সিলেট সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। আমরা জনগণের কাজ করার জন্য বিভিন্ন দায়িত্ব পেয়েছি। এগুলো যাতে আমরা ঠিকমতো করতে পারি। এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা বিশেষ গুরুত্ব দিয়ে যার যে দায়িত্ব আছে ঠিকমতো পালন করবেন। বিশেষ করে ডেভেলপমেন্ট এজেন্সিগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে উন্নয়ন কাজগুলো সম্পন্ন করবেন।
কর্মকর্তাদের অতীত কর্মকন্ডের সমালোচনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে আপনাদের মতোই লোকজন ১৭ বছর একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছেন। আমরা এগুলো দেখতে চাই না। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের প্রয়োজনীয় সব কাজ আমরা দ্রুত করতে চাই।
বৈঠকে আরও বক্তব্য দেন, শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি)।
প্রসঙ্গত, আব্দুল কাইয়ুম চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারি বিভিন্ন কার্যক্রমে গতি আনতে এবং জনসাধারণের সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছেন। সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যও তিনি কাজ করছেন। এরই অংশ হিসেবে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কার্যক্রমে গতি আনতে নির্দেশনা দিচ্ছেন।
