https://www.emjanews.com/

14219

sylhet

প্রকাশিত

০৭ মার্চ ২০২৬ ১৭:১০

আপডেট

০৭ মার্চ ২০২৬ ১৭:১২

সিলেট

সিলেটে যে আইন না মানায় জরিমানা দিলেন ১২ ব্যবসায়ী

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ১৭:১০

সিলেট নগরীর কোতোয়ালী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়কৃত পণ্যের মূল রশিদ সংরক্ষণ না করার অভিযোগে ১২ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। যৌথ অভিযানে তাদের কাছ থেকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারা অনুযায়ী ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ করা বাধ্যতামূলক। তবে কিছু প্রতিষ্ঠান এই বিধান মানছে না বলে অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী এই বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) সকাল আনুমানিক ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাব-৯, সিপিএসসি সিলেট এবং জেলা প্রশাসকের কার্যালয়ের একটি যৌথ আভিযানিক দল নগরীর কোতোয়ালী থানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।

অভিযানে ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা প্রতিষ্ঠানে সংরক্ষণ না করার দায়ে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারায় মো. আব্দুল হান্নান (৪০) কে ৫ হাজার টাকা, মো. আকলিছ (৪০) কে ২ হাজার টাকা, আবির আহমেদ (২৭) কে ৫ হাজার টাকা, জুনেদ মিয়া (২৬) কে ৫ হাজার টাকা, মো. কাদির (৩৫) কে ৫ হাজার টাকা, জামিল আহমদ (৪১) কে ৪ হাজার টাকা, রিপন দাস (৪০) কে ৫ হাজার টাকা, আনোয়ার আলী (৩৩) কে ৫ হাজার টাকা, লিলু মিয়া (৩৫) কে ২ হাজার টাকা, কামিল আহমেদ (২৭) কে ৩ হাজার টাকা, রাজা মিয়া (৪৩) কে ৮ হাজার টাকা এবং তানভীর আহমদ (২৬) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।