https://www.emjanews.com/

14229

sylhet

প্রকাশিত

০৭ মার্চ ২০২৬ ২০:৪৪

সিলেট

ছিনতাইয়ের কবলে সিলেট

প্রকাশ্যে ফিল্মি স্টাইলে চলছে ছিনতাই। সিসি ক্যামেরার ভিডিও থাকলেও অপরাধী ধরতে পারছে না পুলিশ।

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ ২০:৪৪

ছবি: ইমজা নিউজ

বৃহস্পতিবার সকাল আটটার দিকে সিলেট নগরীর সাগরদিঘির পাড়ে ছিনতাইয়ের শিকার হন এক কলেজ ছাত্রী। মোটরসাইকেল করে আসা ছিনতাইকারী দুই যুবকের হাতে ছিলো দা-জাতীয় দেশিয় অস্ত্র। ছড়িয়ে পড়া সিসি ক্যামেরায় ফুটেজে দেখা গেছে মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ে বাধা দিলে ছিনতাইকারীরা তরুণীকে অস্ত্র দিয়ে আঘাত করছে। কিছুক্ষণ টানাটানির পর স্বর্ণালংকার ও ঘড়ি নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীরা। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি দুুপরে হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্য রাস্তায় ছিনতাইয়ের শিকার হন আরেক নারী। ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুবক অটোরিকশা থামিয়ে ওই নারীর সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়। এই ছিনতাইয়ের ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। তবে শুক্রবার রাত পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

সিলেটে গত এক মাস ধরেই বেপরোয়া ছিনতাইকারী চক্র। প্রতিদিনই চুরি-ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ করছে না কেউ। তবে হাউজিং এস্টেট, শিবগঞ্জ, সাগরদিঘিরপাড়সহ কয়েকটি এলাকার দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ছিনতাইকারীদের ভিডিও হাতে থাকলেও তাদের ধরতে পারছে না পুলিশ। 

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, ‘মানুষ ভরসা করে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করেছে। এই সময়ে এমন ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা এবং অভিযোগ না হলেও ভিডিও ছড়িয়ে পড়া নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। আবার ভিডিও থাকলেও পুলিশ অপরাধীদের ধরতে পারছে না, এটাও অস্বাভাবিক।’

তিনি বলেন, ‘হাউজিং এস্টেটে যে ছিনতাইটি হয়েছে সেটি আমার এলাকা। এখন পুলিশের বিশেষ অভিযান চলছে, এমন সময়ে নগরবাসী ছিনতাই আতংকে ভূগবে এটা মেনে নেওয়া যায় না। আমরা তাদের তৎপরতা বৃদ্ধির বিশেষ অনুরোধ করেছি। পুলিশকে স্বরূপে ফিরতে হবে। যথাযথ কাজটা করতে হবে।’

সিলেটে ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও। শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে র্ভাচুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রæত এসব অপরাধ দমন করতে হবে।’

খন্দকার আব্দুল মুক্তাদির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভিডিও দেখার পর ভূক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সাথে কথা বলেছে পুলিশ। সিসি ক্যামেরায় ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘জেলার বাইরে থেকে আসা অপরাধীরা সিলেট নগরীতে সক্রিয় হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এজন্য আইপি ক্যামেরায় তারা ধরা পড়ছে না। তবে পুলিশ বিশেষ তৎপরতা শুরু করেছে।’