https://www.emjanews.com/

14266

weather

প্রকাশিত

০৯ মার্চ ২০২৬ ১৯:২০

আবহাওয়া

সিলেটসহ ৮ বিভাগেই বৃষ্টির আভাস

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ ১৯:২০

ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িকভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় উল্লেখ করা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ভোরে রাজধানী ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা যৌথভাবে নরসিংদী ও খুলনায় ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা টেকনাফে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৭ দশমিক ১ মিলিমিটার।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।