আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট মহানগরে যান চলাচল ও পেট্রোল পাম্প ব্যবস্থাপনায় তিন দফা নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। নির্দিষ্ট সময় ট্রাক চলাচল সীমিত করা, মোটরসাইকেলে টিনটেড ভাইসর ব্যবহার নিষিদ্ধ এবং পেট্রোল পাম্পে উগ্র আচরণ বা ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে বুধবার (১১ মার্চ) থেকে ঈদুল ফিতর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে রাত ১টার মধ্যে নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে শাহী ঈদগাহ ও নয়াসড়ক রুটে ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। এ সময় পণ্য পরিবহন বা অন্যান্য কাজে সংশ্লিষ্টদের বিকল্প রুট হিসেবে নাইওরপুল, মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, বালুচর, শাহী ঈদগাহ হয়ে আম্বরখানা সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে মোটরসাইকেল চালানোর সময় টিনটেড ভাইসর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। হেলমেটের সামনে থাকা গাঢ় বা কালো রঙের কাঁচ বা প্লাস্টিকের ঢাকনার কারণে চালকের মুখ স্পষ্টভাবে দেখা যায় না। আগামী তিন দিনের মধ্যে মোটরসাইকেল চালানোর সময় টিনটেড ভাইসরের পরিবর্তে বিকল্প হেলমেট ব্যবহার করতে বলা হয়েছে। তিন দিন পর থেকে এ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিতে পেট্রোল পাম্প সম্পর্কেও সতর্কতা দেওয়া হয়েছে। বলা হয়েছে, জ্বালানি তেল গ্রহণের সময় পাম্পের কর্মীদের সঙ্গে উগ্র আচরণ করা যাবে না এবং কাউকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। এছাড়া ছুরি বা কোনো ধরনের ধারালো বস্তু নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরীর জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
